নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। একই আদেশে কর্নেল মো. সাইদুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি-কে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। সরকারের এক আদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এসব কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ/প্রত্যাবর্তনের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে ন্যস্ত করা হয়েছে। আদেশ অনুযায়ী, বিএ-৫৪০৪ ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিএ-৫৯৪০ কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বিএ-৬৪৮৫ কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর পদে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত। তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ নূর-এ-আলম, উপসচিব এ আদেশ জারি করেন।