July 14, 2026, 11:59 am

আরবি ভাষা শিক্ষা প্রসারে বাউবি ও বিপসটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • আপডেট Thursday, March 12, 2026
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মধ্যে যৌথভাবে ‘ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি’ প্রোগ্রাম চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার সকালে বাউবি উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়।
বাউবির পক্ষে রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন এবং বিপসটের পক্ষে ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এই চুক্তির আওতায় আরবি ভাষা প্রোগ্রামে অংশগ্রহণকারীদের একাডেমিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে বাউবি। বিপসটের তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সটি বাউবির একাডেমিক সহযোগিতায় বাস্তবায়িত হবে এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের বাউবি থেকে সনদ প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিপসটের ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ জানান, ২০০৮ সাল থেকে বিপসট বাংলাদেশি শান্তিরক্ষীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার জন্য পেশাগত প্রশিক্ষণ দিয়ে আসছে। এই যৌথ উদ্যোগের ফলে শান্তিরক্ষীরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনসহ বিপসট ও বাউবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর