শেখ কামরুল হাসান সাহা:: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অপপ্রচার এবং উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের অধীন টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টঙ্গী কলেজগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু। এ সময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা রাজপথে প্রতিহত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে ঘোষিত সকল কর্মসূচি সফল করতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান।