বিনোদন প্রতিবেদক :: দুই বছরে জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ ছবিগুলো আসবে সাফটা চুক্তির আওতায়। প্রথম ছবি হিসেবে আসছে ‘পাঠান’। সে ছবিটি বুধবার সেন্সরে জমা পড়ার সম্ভাবনা রয়েছে। আর সেন্সর ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ছবিটি এ শুক্রবারেই হলে চালাতে চান পরিবেশক।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছবিটি ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতি পেয়েছে। এখন তথ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতি পাওয়া বাকি আছে। সেটা আগামীকালকের (বুধবার, ১২ এপ্রিল) মধ্যে পেয়ে যাওয়ার কথা। পেলেই সেন্সরে জমা দিবে এবং পরদিনের মধ্যে ছাড়পত্র পাওয়ার কথা। সে হিসেবে শুক্রবার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন পরিবেশক— এমনটাই জানি আমি।
তিনি আরও জানালেন, যেহেতু রমযান মাস চলছে তাই প্রথম পর্যায়ে দেশের সিনেপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি দেওয়া হবে। ঈদের পর সাধারণ হলগুলোতে চালানো হবে।
সুদীপ্ত কুমার দাশ বলেন, সাধারণ ৩০-৩৫ এবং সিনেপ্লেক্সগুলো মিলিয়ে মোট ৫০টি সিনেমা হলে হিন্দি ছবি প্রথম পর্যায়ে চালানো হবে। তবে এ সিনেপ্লেক্সগুলো ব্যতীত সাধারণ হলে হিন্দি চালানোর মত প্রজেকশন সিস্টেম নেই। তাই ‘পাঠান’ আমদানিকারক ১০টির মতো প্রজেক্টর মেশিন ও সার্ভার নিয়ে এসেছে ভারত থেকে। যেগুলোতে ‘পাঠান’ চালানো হবে,।
তিনি জানান, সারাদেশের হলে ঈদের দু’সপ্তাহ পর থেকে হিন্দি ছবি চলবে। শুধু ‘পাঠান’ না ঈদের পর পরই তারা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি মুক্তি দিতে চান।