November 29, 2026, 12:16 am

গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে কোনো আপস নয়: আইনমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, November 28, 2026
  • 36 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সরকারের চার মন্ত্রীর নেতৃত্বে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পতিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের মণিহার এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট খুনিদের বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে কিংবা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে, সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হোক বা অন্য কোনো পক্ষ-দেশের স্বার্থে কোনো আপস করা হবে না।
তিনি বলেন, রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন করা এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচলভাবে এগিয়ে যেতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত গতি পায়। রক্তস্নাত পথ পেরিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সব স্তরে সুশাসন নিশ্চিত করতে কাজ করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা হয়েছিল, একইভাবে তাদের পুনরুত্থানের অপচেষ্টাও রুখে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর