স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের টঙ্গীতে বন্ধ দোকানে অভিযান চালানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর হাতে অবরুদ্ধ হন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই সোর্সকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টঙ্গীর এরশাদনগর বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আনোয়ার ও শান্ত। তারা দুজনই এরশাদনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় দুই সোর্সকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশের একটি দল এরশাদনগন বড় বাজারের একটি বন্ধ দোকানের সামনে যায়। একপর্যায়ে দোকানের তালা ভেঙে দুই সোর্সকে নিয়ে ভেতরে প্রবেশ করেন ডিবি সদস্যরা। এ সময় স্থানীয় দোকান মালিক সমিতির লোকজন সোর্সদের পরিচয় জানতে চাইলে ডিবি সদস্যরা তাদের নিজেদের লোক বলে দাবি করেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, ব্যবসায়ীদের হয়রানি করতে দুই সোর্স পরিকল্পিতভাবে দোকানের ভেতরে দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ডিবি সদস্যদের অবরুদ্ধ করা হয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বন্ধ দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে কিছু না পাওয়া ও মিথ্যা তথ্য দেওয়ায় দুই সোর্সকে আইনের আওতায় আনা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তা সমাধান হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই সোর্সকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।