নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দল নেতা হাজী মোঃ ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
ফয়সাল আহমেদ রুবেলের দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি টঙ্গীর সাতাইশ এলাকায় এনট্রাস্ট ডিজাইন কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার বিবরণ দিয়ে ফয়সাল আহমেদ রুবেল জানান, গত ২৫ নভেম্বর সকালে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে প্রায় এক হাজার লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এনট্রাস্ট ডিজাইন কারখানার সামনে জড়ো হয়। একপর্যায়ে তাদের একটি অংশ কারখানার গেটে হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কয়েকজন আহত হন। হামলাকারীরা তাঁর বাসাবাড়ির জানালায়ও ভাঙচুর চালায় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এনট্রাস্ট ডিজাইন কারখানার ভবনের মালিক তিনি। ঘটনার সময় পাশের একটি কারখানার রনি নামের এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এছাড়া তাঁর ফুফাতো ভাইয়ের কারখানায়ও হামলা চালানো হয়। পরে হামলাকারীরা মদিনা পাড়া এলাকার দিকে চলে যায়।
ফয়সাল আহমেদ রুবেলের দাবি, পুরো ঘটনাটি তাঁর সামাজিক, রাজনৈতিক ও আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে। তবে পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, মদিনা পাড়া এলাকায় অনিক ও বকর নামের আরও দুই যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, স্থানীয় কিছু সূত্রে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এসব ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানতে পেরেছেন। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এলাকায় আমার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। এ এলাকার মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তাঁরাই আমার অভিভাবক। তাঁদের সঙ্গে নিয়ে ৫১ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমার এই উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ ক্ষতি করার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’
নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৭ বছরে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও এলাকা ছেড়ে যাননি। স্থানীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলীয় কর্মকাণ্ডে কখনো ব্যক্তিগত সুবিধা নেননি; বরং বিভিন্ন কর্মসূচিতে নিজ অর্থ ব্যয় করে অংশগ্রহণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আন্দোলনকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলে দাবি করেন তিনি।
ফয়সাল আহমেদ রুবেল বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কাউকে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২৫ নভেম্বরের হামলা, ভাঙচুর ও আহত হওয়ার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।