November 28, 2026, 2:25 pm

ন্যায্য মজুরির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, November 28, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: ন্যায্য মজুরি ঘোষণায় উচ্ছ্বাসে মেতেছেন গাজীপুরের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকার ও মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী এলাকায় জি.এন. কটন স্পিনিং লিমিটেডসহ শ্রীপুরেও শ্রমিকদের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
কারখানা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হওয়া মিছিলে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন। মিছিলটি এলাকার আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নারী শ্রমিক শারমিন আক্তার ও পলি আক্তার বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যায্য মজুরি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সরকার ও মালিকপক্ষ আমাদের কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা আনন্দিত। এতে সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি আসবে।
শ্রমিক প্রতিনিধিরা বলেন, শিল্পকারখানার উন্নয়ন ও উৎপাদন অব্যাহত রাখতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। ন্যায্য মজুরি ঘোষণায় শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা উৎপাদন কার্যক্রম সচল রাখতে আন্তরিকভাবে কাজ করে যাবেন।
আনন্দ মিছিল শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। ন্যায্য মজুরি ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে সন্তোষ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর