মো: মেহেদী হাসান ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাজারে গিয়ে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাজারের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে মাজেদ বাবু বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, বাজার ব্যবস্থাপনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে তাঁরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান তিনি। এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেন এবং এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যবসায়ীদের মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে সশরীরে বাজার পরিদর্শনে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মনে সাহস ও আস্থা তৈরি হয়। তাঁরা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টায় ঈশ্বরগঞ্জ বাজারের পরিবেশ আরও সুন্দর ও ব্যবসাবান্ধব হবে।
লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বাজারের সার্বিক পরিবেশ আরও সুন্দর ও ব্যবসাবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।