November 20, 2026, 4:57 pm

মায়ের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জন্মদিন

Reporter Name
  • আপডেট Friday, November 20, 2026
  • 21 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন, সব মিলিয়ে জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক জীবনে বড় সাফল্য অর্জনের এই সময়ে জন্মদিনে সবচেয়ে বড় শূন্যতা হয়ে আছে মা খালেদা জিয়ার অনুপস্থিতি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জন্মদিন। অথচ পাশে নেই সেই মমতাময়ী মা, যাকে হারানোর শোক এখনো তার জীবনের গভীর ক্ষত।
আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ৬১ বছরের জীবন পেরিয়ে নতুন বছরে পা রাখছেন তিনি। এমন এক সময়ে তার জন্মদিন এসেছে, যখন দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন তিনি। তবে ক্ষমতা, সাফল্য ও রাজনৈতিক অর্জনের এই সময়েও তার জীবনে মিশে রয়েছে ব্যক্তিগত শোক, স্মৃতি ও মায়ের শূন্যতা।
১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তিনি। রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমান শৈশবেই বাবাকে হারান। এরপর মায়ের রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্রক্ষমতায় আরোহণ, প্রতিকূলতা মোকাবিলা ও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হন তিনি।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সময়ে বিএনপির সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলকে সংগঠিত করা এবং নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।
তবে তারেক রহমানের রাজনৈতিক পথচলা কখনোই সহজ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। কারাবাস, নির্যাতনের অভিযোগ, শারীরিক অসুস্থতা ও একাধিক মামলার মধ্য দিয়ে কঠিন সময় পার করতে হয় তাকে। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন। প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দলের সংকটময় সময়, নেতাকর্মীদের মামলা-গ্রেফতার এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে বিদেশে থেকেই নেতৃত্ব দিতে হয় তাকে। একই সময়ে মায়ের অসুস্থতা ও কারাবাস তাকে ব্যক্তিগতভাবেও গভীর উদ্বেগের মধ্যে রেখেছিল।
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলকে সংগঠিত করা ও নির্বাচনি প্রস্তুতিতে নেতৃত্ব দেন তিনি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
রাজনৈতিক জীবনের এই অভাবনীয় প্রত্যাবর্তন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তারেক রহমানের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। কিন্তু সেই অধ্যায়ের শুরুতেই হারাতে হয় জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে। দেশে ফেরার কয়েক দিন পরই মা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হন তিনি। যে মায়ের রাজনৈতিক সংগ্রাম কাছ থেকে দেখেছেন, যিনি ছিলেন তার জীবনের আশ্রয় ও প্রেরণা, সেই মাকে হারানোর পর জন্মদিনের আনন্দও যেন পূর্ণতা পাচ্ছে না।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিনে তারেক রহমানের সামনে একদিকে রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব, অন্যদিকে মায়ের স্মৃতি ও হারানোর বেদনা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর এই সময়ে জন্মদিনটি তাই শুধু বয়স বাড়ার উপলক্ষ নয়। অর্জন ও হারানো, প্রত্যাবর্তন ও বিচ্ছেদ, সাফল্য ও শূন্যতার এক মিশ্র অনুভূতি নিয়ে এসেছে দিনটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর