November 5, 2026, 4:08 pm

নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

গাইবান্ধা প্রতিনিধি::
  • আপডেট Thursday, November 5, 2026
  • 3 জন দেখেছে

গাইবান্ধা প্রতিনিধি:: গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত শ্রমিক তৌফিক হোসেনের (২২) পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর