November 5, 2026, 4:07 pm

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট Thursday, November 5, 2026
  • 4 জন দেখেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব ও প্রসূতিসেবার সুযোগ সম্প্রসারণ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম প্রধান অবলম্বন। বিশেষ করে গর্ভবতী মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়েই অনেক জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিতে সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি ভোগান্তি হ্রাস পাবে। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কমাতেও সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সক্ষম করে গড়ে তুলতে হবে। বিতরণ করা চিকিৎসাসামগ্রী ও ওষুধের যথাযথ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সেবাগ্রহীতারা যেন এর সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যক্রম অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর