August 21, 2026, 1:06 pm

টঙ্গীতে মসজিদে তালা লাগানোর হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা: থানায় অভিযোগ!

Reporter Name
  • আপডেট Friday, August 21, 2026
  • 27 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর গুটিয়া ৫২নং ওয়ার্ড এলাকায় একটি মসজিদের কমিটিতে পদ না পেয়ে ওই মসজিদে তালা লাগানোর হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় শরীফুল ইসলাম নামের এক সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ওই এলাকার জালাল ও তার সহযোগীরা এই হামলা করেছে বলে ভুক্তভোগী সাংবাদিক জানান।
সাংবাদিক শরীফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট থেকে এলাকায় চাঁদাবাজি, দখল বাণিজ্য ও সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হয়রানি করে আসছিল জালাল। সম্প্রতি গুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে সভাপতি পদ না পেয়ে মসজিদে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় স্থানীয়রা গত ১১ জুলাই টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় সাংবাদিক শরীফ পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ও তার লোকজন সাংবাদিক শরীফ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।
এই ঘটনার জের ধরে গত বুধবার সন্ধ্যায় জালাল, তার ভাই ইব্রাহিম ও খোকনসহ সাংবাদিক শরীফ ও তার বাবার ওপর হামলা চালায়। হামলায় শরীফের বাম চোখ এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে শরীফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শরীফুল ইসলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী এলাকার আইয়ুবের ভাতিজা জালাল। চাচার পদাঙ্ক অনুসরণ করে এলাকায় ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলের আধিপত্য বজায় রাখতে সে মরিয়া হয়ে উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধ অপকর্ম করে আসছিল।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নিজেকে বিএনপি কর্মী দাবি করে আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ৩ জুলাই মসজিদ কমিটির সভা চলাকালীন সময় মসজিদের ভিতরে ঢুকে গালাগালি ও কাগজপত্র ছুড়ে ফেলে দেয় এবং গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সাবেক সহ-সভাপতি ও স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট সোলায়মান স্বপন বলেন, জালালের উচ্ছৃঙ্খল ও অপরাধমূলক আচরণে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ। আইনজীবী পরিচয় ব্যবহার করে এবং দলীয় নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে জালাল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর