মোঃ জাফর আলীঃ গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে পরিচালিত নিয়মিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) টঙ্গীর তিস্তার গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফিকুর রহমান আবরার।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে দুপুর ২টার দিকে অভিযান শুরু হলেও প্রতিকূল পরিবেশের কারণে নির্ধারিত একাধিক স্থানের পরিবর্তে শুধুমাত্র একটি স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়।
অভিযানে তিস্তার গেট এলাকার মাল্টি ডিজাইন লন্ড্রী নামের একটি শিল্পকারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে কারখানাটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
অভিযান চলাকালে প্রায় ৫০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া কারখানাটির ২০০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন ৮টি ড্রায়ার (মোট গ্যাস লোড ১,৬০০ ঘনফুট) এবং ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন একটি বয়লার (গ্যাস লোড ১,৫০০ ঘনফুট) বিচ্ছিন্ন করা হয়। ফলে সর্বমোট ৩,১০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে।
টঙ্গী অঞ্চলের তিতাস গ্যাসের ব্যবস্থাপক মেজবা উর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।