মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।(শনিবার)ঈশ্বরগঞ্জ নারী শান্তি সহায়ক প্লাটফর্ম(ওয়েব)এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)কর্তৃক ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি’র সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ।পিএফজি সদস্য সাংবাদিক মো হাবিবুর রহমান সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি’র সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তালুকদার। মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।সভায় বক্তারা বলেন,সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব জোরদার হলে সংঘাত নিরসন, সামাজিক সংহতি বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন কেবল নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয় নয়; এটি একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে নারী নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতয়িতাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, বড়হিত ইউপি সদস্য ববিতা খাতুন,সাবেক ঈশ্বরগঞ্জ ইউপি সদস্য রাবেয়া বেগম, পিএফজি সদস্য নাসরিন আকতার, নারী নেত্রী মাজেদা খাতুন প্রমুখ। সভায় অংশগ্রহণকারীরা ঈশ্বরগঞ্জ উপজেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় স্থানীয় রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।