June 27, 2026, 7:12 pm

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

Reporter Name
  • আপডেট Saturday, June 27, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে শনিবার টঙ্গীতে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ জুন সকাল ১০ ঘটিকার সময় টঙ্গী হোসেন মার্কেট এশিয়া তৈল পাম্প এলাকা থেকে র‍্যালীটি বের হয়।
এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। র‍্যালি শুরুর আগে টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহার ইসলাম মোল্লা, মহানগর যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. নেয়ামত উল্লাহ শাকের, অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী এস. এম. মান্নান, ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহিন মিয়া এবং ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এস. এম. জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বিশেষ করে টঙ্গী এলাকায় ছিনতাই, রাহাজানি ও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে মাদকের সরাসরি সম্পর্ক রয়েছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি অধ্যাপক জামাল উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তাদের ধ্বংস করার অপচেষ্টা চলছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রত্যেকেরই মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের দায়িত্ব রয়েছে। জনগণ একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ চায়। আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই। সমাবেশ শেষে এশিয়া পাম্প এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। র‍্যালি ও সমাবেশে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, যুবক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে যুব বিভাগের সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর