শেখ কামরুল হাসান সাহা:: নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নাশকতার বিরুদ্ধে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহবায়ক শেখ মোঃ সুমন ও সদস্য সচিব আজিজুর রহমান টিপু’র নেতৃত্বে এইসব বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার হুশিয়ার করেন।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা কলেজ গেইট এলাকা থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেট এলাকায় এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
নাজমুল হোসেন মণ্ডল বলেন, জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান। টঙ্গী পূর্ব থানা যুবদল সবসময় জনগণের পাশে থেকে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু।
শেখ মো. সুমন বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করি। কেউ যদি নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে সোচ্চার থাকব। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই আমাদের প্রত্যাশা।
আজিজুর রহমান টিপু বলেন, গাজীপুর মহানগর যুবদলের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। জনগণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশের মাটিতে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতি গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।