নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর থানা-পুলিশ তাদের গ্রেফতার করে। আজ রোববার সকালে কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।