স্টাফ রিপোর্টার, গাজীপুর:: চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীতে উদ্বোধন করা হয়েছে ‘ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি’। আজ শুক্রবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ রোগ নির্ণয়কে আরও দ্রুত ও কার্যকর করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিটির উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আল্ট্রাসনোগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ডায়াগনস্টিক পদ্ধতি। চিকিৎসকদের জন্য মানসম্মত আল্ট্রাসনোগ্রাম প্রশিক্ষণ সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা চিকিৎসকদের রোগ নির্ণয়ে আরও আত্মবিশ্বাসী ও নির্ভুল করে তোলে।
তিনি আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে অনেক চিকিৎসক নিজস্ব চেম্বারেই আল্ট্রাসনোগ্রাম সুবিধা ব্যবহার করেন, ফলে রোগ নির্ণয় দ্রুত ও কার্যকর হয়। এতে রোগীর সময় সাশ্রয়ের পাশাপাশি চিকিৎসকের প্রতি আস্থা ও বিশ্বাসও বৃদ্ধি পায়। তবে বর্তমানে এ ধরনের সেবা এখনও অনেকাংশে শহরকেন্দ্রিক। তাই প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও এই সেবা পৌঁছে দিতে হবে।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়নে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দক্ষ আল্ট্রাসনোগ্রাম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষার বিস্তার ও মানবসেবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, তেমনি ‘ডবংঃভরবষফ টষঃৎধংড়ঁহফ অপধফবসু’-কেও স্কিল ডেভেলপমেন্ট ও মানবসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির কোর্স কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম এবং এস এম মতিউর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টি.এম আহমেদ হুসেইন, ডা. সরকার মো. নোমান এবং বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলে বারী সোহেল ও পাঁপড়ি। এতে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।