নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আজ সোমবার প্রথম কর্মদিবসে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন এবং শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এর আগে রবিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন। সোমবার সকালে উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সদ্য সাবেক (অস্থায়ী) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপাচার্য বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক। যার যে দায়িত্ব, সেটি সঠিকভাবে পালন করলেই এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আমি মহান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, আমার সাহসের মূল উৎস হলো সততা। আমি চাই এখানে কর্মরত সকলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ক্লিনার থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত সবার একটাই লক্ষ্য হতে হবে সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করা। তিনি আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন।
মেডিক্যাল অফিসারদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, রোগীদের চিকিৎসাসেবার মূল ভিত্তি হলেন আপনারা। কর্মস্থলে যত কষ্টই থাকুক না কেন, রোগীদের সবসময় হাসিমুখে সেবা প্রদান করতে হবে। প্রথম কর্মদিবসেই তিনি হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করেন এবং কেবিন ব্লকে চিকিৎসাধীন কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়া এক রোগীর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
গত ৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯৮২ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৮৯ সালে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক, আইইডিসিআর-এর অধ্যাপক এবং তৎকালীন আইপিজিএমএআর-এর রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের সাউদাম্পটন জেনারেল হাসপাতালেও কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর যোগ্য নেতৃত্বে বিএমইউ চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে।