স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে সম্পূর্ণ সেশনজটমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আধুনিক অটোমেশন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
উপাচার্য বলেন, ফলাফলকেন্দ্রিক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা জরুরি। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র ভালো ফলের পেছনে না ছুটে সন্তানের সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
বর্তমানে বাউবির অধীনে এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে সাড়ে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। উপাচার্য জানান, শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক করতে ২৪ ঘণ্টার আইপি টিভি চালু, মিডিয়া সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষাসামগ্রী সরবরাহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের শিক্ষার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বাউবির শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, শক্তিশালী জ্ঞানভিত্তি ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব।