July 7, 2026, 2:49 am

হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ

Reporter Name
  • আপডেট Monday, February 9, 2026
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়েছে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) মুরাদনগর সদরে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ সমর্থন ঘোষণা করা হয়।
কায়কোবাদ বলেন, আমি কোনো ধর্ম ও বর্ণে বিভেদে বিশ্বাসী নই। মুরাদনগরের সকল মানুষই আমার কাছে সমান ও নিরাপদ। বিশেষ করে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলাম ধর্মেও সংখ্যালঘুদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। আমরা মুরাদনগরে কোনো ধর্মীয় বিভেদ চাই না, সকল ধর্মের মানুষ মিলেমিশে সুন্দরভাবে বসবাস করুক এটাই আমাদের লক্ষ্য।
পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ কায়কোবাদের সময়ে সবসময় নিরাপদ ছিল। তিনি আমাদের সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা তাকে আমাদের অভিভাবক হিসেবে সমর্থন জানাচ্ছি। মুরাদনগর হিন্দু সম্প্রদায় ১২ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কায়কোবাদকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছে।
পাহাড়পুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্মল দেবনাথের সভাপতিত্বে এবং মানিক সাহা ও বিজন দাসের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা দয়ানন্দ ঠাকুর, পিংকু পোদ্দার, নিরঞ্জন দেব, রতন দাস, অঞ্জন রায়, জহর নিবাস ঘোষসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর