স্টাফ রিপোর্টার, গাজীপুর :: উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগে কোটা-বৈষম্যের অভিযোগকে কেন্দ্র করে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ মঙ্গলবার রেলপথ ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এর ফলে গাজীপুর–রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং শিমুলতলীসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত এর প্রভাব পড়ে জনজীবনে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংযোজন ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে দীর্ঘদিনের বৈষম্যকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা ‘লোকদেখানো’ বলে উল্লেখ করে জানান, নীতিগত সিদ্ধান্তে কার্যকর পরিবর্তন না এলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নিতে পারে।
সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর নগরের মাঝিরখোলা ও শিমুলতলী এলাকায় আন্দোলনকারীরা সড়ক ও রেলপথে অবস্থান নিলে জয়দেবপুর রেলওয়ে জংশনে দুটি ট্রেন যাত্রাবিরতিতে বাধ্য হয়। রেল চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দীর্ঘ সময় আটকে পড়েন। একই সঙ্গে বিকল্প সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
ঐতিহ্যগতভাবেই ডিপ্লোমাধারীদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা কোটা চালু করা হলে পদোন্নতি, কর্মসংস্থান ও পেশাগত মর্যাদার ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীরা পিছিয়ে পড়বেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে-দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ–সংক্রান্ত রিট মামলার দ্রুত নিষ্পত্তি।
অন্যদিকে, অবরোধের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ায় আন্দোলনের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, নিয়োগনীতি ও কারিগরি শিক্ষার কাঠামোতে দীর্ঘদিনের অস্পষ্টতা ও সমন্বয়হীনতাই এই সংকটের মূল কারণ। সময়োপযোগী নীতিনির্ধারণ ও অংশীজনদের সঙ্গে কার্যকর সংলাপের অভাবে বিষয়টি বারবার রাজপথে গড়াচ্ছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মুন্না বণিক জানান, রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে ।