নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত ‘সিল’ করে দেওয়ার ওপর জোর দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক কিছু কর্মকাণ্ড ‘নিরাপত্তা পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে। ‘১৭ মাসে সড়কপথে দুর্ঘটনায় নিহত ১২ হাজার ৬৯৪’আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অন্যদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘কেউ যদি কোন অস্ত্র সীমান্তের ওপার থেকে নিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকিয়ে ফেলে, সহজে এটাকে খুঁজে পাওয়া যায় না। একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, একটা গোষ্ঠী যদি অস্ত্র ব্যবহার করে নাশকতা করতে চায়, রোহিঙ্গা ক্যাম্প ব্যবহার করলে তাকে ধরা খুব কঠিন।’
তিনি বলেন, কোনো রোহিঙ্গার কাছে কোনো অস্ত্র থাকলে সেটার ‘দাম বেড়ে যায়’ এবং সেটা সহজে ব্যবহার করা যায়। রোহিঙ্গাদের চলাচলে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্প ও বর্ডারকে সিল করে দিতে হবে।
তিনি বলেন, এ এলাকাকে ব্যবহার করে অস্ত্র ও মাদকের পরিবহন হয়ে থাকে। যারা কিডন্যাপিংয়ের সাথে জড়িত আছে, তারাও এ এলাকাকে ব্যবহার করে থাকে। চট্টগ্রাম এলাকার ভূমিরুপ একটা বিশেষ গুরুত্ব বহন করে। এখানে সন্ত্রাসীরা বিভিন্ন কার্যক্রম ঘটিয়ে খুব সহজেই লুকিয়ে যেতে এবং মানুষের মাঝে মিশে যেতে পারে।
নির্বাচনে ‘স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তা’র সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করার নির্দেশনা দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
তিনি বলেন, ভুল করলে শঙ্কিত হবেন না। যে কাজ করে তারই ভুল হয়। যে কাজ করে না তার ভুল হয় না। ভুল এক জিনিস, অপরাধ অন্য জিনিস। সচেতনভাবে যে ভুলটা করে, সেটা অপরাধ। কাজ করতে গেলে টুকটাক কিছু ভুল হবে হোক।