স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ছাত্র-যুব সমাবেশ তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিগত দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের জন্য দোয়া করেন। বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনের ভূমিকার ভূয়সী প্রশংসা করে রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বার বার হুমকির সম্মুখীন হয়েছে। বাতিলের কাছে ছাত্রশিবির কখনো মাথা নত করেন নাই। আপামর মানুষ ন্যায় প্রতিষ্ঠায় বারবার জীবন দিয়েছে। ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গেছে, আজকে একটি রাজনৈতিক দল তা তাদের কাঁধে নিয়েছে।
ফ্যাসিবাদের পতনের পর তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে, পাথর চুরি করেছে। এখন সময় বদলেছে, মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়। মানুষের ম্যান্ডেটকে যথাযথ কাজে লাগাতে হবে, হানাহানি বন্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রায় সঠিক ছিল, তারা বুঝতে পেরেছে, আগামী নির্বাচনে মানুষ সঠিক রায় দিবে। কাপাসিয়ার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী ২০২০-২১ সালে কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিকভাবে তার পরিচয় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীরা ডাকসুতে যা চেয়েছে, তা-ই হয়েছে। আমাদের অনেক রক্ত ঝরেছে কিন্তু রক্ত দেয়া এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু বিগত দিনের কম্বল চুরি ও দুর্নীতি এখনো শেষ হয়নি। শপথ নিতে হবে, ভালো হতে হবে।
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবীর তার বক্তব্যে প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তোরণ ভেঙে দিয়ে আপনাদের নিজেদেরই মাজা ভেঙে দিয়েছেন।
এখন ধানের শীষের সময় শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ দাঁড়িপাল্লা। তোরণ ভেঙে দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে দাঁড়িপাল্লা প্রতীক মুছে ফেলতে পারবেন না। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দলীয় নেতা কর্মীদের নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী মু. সালাউদ্দিন আইউবী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সভাপতি মাওলানা কাজিম উদ্দিন, মনোহরদী উপজেলা জামায়াতের আমির মাওলানা সানাউল্লাহ, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র শিবিরের সভাপতি মু. ইকবাল কবির, ভিপি খায়রুল আনাম প্রমুখ।