মোঃ আক্তার হোসেন ডালিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার রাত বা শুক্রবার ভোরে কাতারভিত্তিক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগতে থাকা বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবার ও দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে থাকবেন অন্তত ১৪ জন চিকিৎসক, নার্স ও ঘনিষ্ঠ সহকারী। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে, যেখানে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নতুন চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।
এদিকে তাঁর বিদেশ যাত্রা ও চিকিৎসা সংক্রান্ত ব্যয় নির্বিঘ্ন করতে আর্থিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। এই নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট সব ধরনের অর্থনৈতিক লেনদেনের দায়িত্ব পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক। চিকিৎসা ব্যয়, বিমানচার্জ, জরুরি মেডিকেল ট্রান্সপোর্টেশনসহ যাবতীয় খরচের সমন্বয় করছে ব্যাংকটির বিশেষ টিম।
বিএনপি নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতিতে উন্নত চিকিৎসা ছাড়া বিকল্প নেই। বহু জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা কয়েক সপ্তাহ থেকেই সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা দেশীয় চিকিৎসায় আর উন্নতির সম্ভাবনা না থাকায় দ্রুত বিদেশ নেওয়ার সুপারিশ করেন।পরিবার ও দলের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।