নিজস্ব প্রতিবেদক :: জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমরা অমুসলিমদের মুসলমান বানাব। আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরাই মন্দির পাহারা দিয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল বলেন, দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে, আমাদেরও দুই হাত আছে। আমরা প্রতিহত করব।
তিনি আরও বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করবে। এ দেশ গরিব নয়, সম্পদশালী দেশ। দেশে চরিত্রবান নেতার অভাব রয়েছে, যার কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। জামায়াত নেতা আরও বলেন, বাংলাদেশে সম্পদের ঘাটতি নেই। এই অর্থ যদি দেশেই ব্যবহার হতো, তবে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন প্রমুখ।