স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল থানার নৈবাড়ী মসজিদ কমিটির মুরুব্বিদের নেতৃত্বে গঠিত ৪০ সদস্য বিশিষ্ট মাদকবিরোধী কমিটি গত রাতে হাতেনাতে পাঁচজন মাদকসেবীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এই সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ সোমবার সকালে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হাসান কমিটির মুরুব্বিদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন।
ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, যেসব এলাকায় জনগণ নিজেরাই কমিটি গঠন করে মাদক নির্মূলে উদ্যোগ নেবে, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ প্রদান করব। আমাদের লক্ষ্য পূবাইলকে মাদকমুক্ত, চুরি মুক্ত ও আদর্শ সমাজে পরিণত করা।
কমিটির সদস্যরা জানান, ওসি খালিদ হাসানের পরামর্শে নৈবাড়ী গ্রামে ৪০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তারা ছয়জন মাদকসেবীকে থানায় সোপর্দ করেছে। তাদের অভিযান চলমান থাকবে এবং পুলিশের সহযোগিতায় সমাজকে মাদকমুক্ত করা হবে।
কমিটি অন্যান্য মসজিদ কমিটিকেও একই ধরনের মাদকবিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। তাদের আশা, এই উদ্যোগ পুরো পূবাইলকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করতে সহায়ক হবে।
স্থানীয়রা জানান, মাদক নির্মূলে ওসির এ ধরনের ভিন্নধর্মী উদ্যোগ এলাকায় নতুন উদ্দীপনা ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে। তারা আশা করছেন, এ উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।