স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মহানগর বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কড্ডায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে দেশের বাহিরে বসে ফেসবুকে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার করা হচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দিবে মহানগর বিএনপি।