July 23, 2026, 7:54 am

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, June 13, 2023
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নরায়ণগঞ্জ :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়াকে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে নয়াপুর এলাকায় তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে হত্যাচেষ্টা করে। এ ঘটনায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া বাদী হয়ে সোনারগাঁ থানার অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে মঙ্গলবার দুপুরে তিনি ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দেওয়া শেষে দ্বিতীয় তলা থেকে রাস্তায় পৌঁছালে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ৩টি মোটরসাইকেলে ৬ যুবক আসে। এ সময় এক মোটরসাইকেল থেকে এক যুবক ৪ রাউন্ড গুলি ছুঁড়ে তাকে হত্যাচেষ্টা করে। গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালাগাল করে যায় তারা। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান হুমায়ুন।

এলাকাবাসী জানায়, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে চলতি বছরের ৮ জানুয়ারি মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান শিপলু সমর্থক ও বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষের মামলা দায়ের করা হয়। সেই থেকে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ থেকেই গুলির ঘটনা ঘটতে পারে।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া জানান, আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ৬ যুবক এসে রাস্তার মধ্যে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে আমাকে হত্যাচেষ্টা করে। গুলি ছোঁড়ার একপর্যায়ে দৌড় দেওয়ার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

অভিযুক্ত তায়েব শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। আমি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করি। আমি চেয়ারম্যান সাহেবকে সম্মান করি। তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হওয়া যাবে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেয়ারম্যান একজন ভালো মানুষ। তিনি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। গুলি ছুঁড়ে হত্যাচেষ্টার অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর