গাজীপুরে কাঁচাবাজার উচ্ছেদ করতে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্থানীয় কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সদস্যরা। রোববার মহানগরীর চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার মালিক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবহান অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী নূরুল হক ও তার সহযোগীরা তাকে এবং মালিকগ্রুপের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রাণী করছে। তারা শান্তিপূর্ণ ও বৈধভাবে পরিচালিত এ কাঁচাবাজারে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাজার থেকে তাদের উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো জানান, সম্পূর্ণ নিয়মনীতি মেনে সরকারিভাবে নিবন্ধনকৃত এ বাজারটিতে প্রায় ১৯ বছর ধরে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নূরুল হক ও তার সহযোগীরা কাঁচাবাজার ও বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদে মিথ্যা মামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে। যে কোন মুহুর্তে তারা বাজার কমিটির লোকজন ও ব্যবসায়ীদের জান-মালের ক্ষয়ক্ষতি করতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। পরে বাজারের কয়েক শত ব্যবসায়ী কাঁচাবাজারের প্রধান রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ব্যাপারে অভিযুক্ত নূরুল হক বলেন, বাজারের জমিটি আমি আব্দুস সোবহানসহ কয়েকজনের কাছে ভাড়া দেই তারা আমার জমির ভাড়া পরিশোধ না করে জায়গাটি জবরদখল করে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে।