নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া আঞ্জুমান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। এছাড়াও তিনি নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জুমান আরাকে গ্রেপ্তার করেছে। আমরা ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বলতে পারবে।