নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এখন যারা ধরা পড়ছেন তারা বলছেন, এটা আমি নিজ থেকে করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই তার অনুমতি লাগবে, তার নির্দেশনা লাগবে।’ শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার লোকেরাই তো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে, আমরা বানাইনি। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলার ১৫ জন শহীদের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেন ডা. শফিকুর রহমান।
শেখ হাসিনার উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনি বলেছিলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আপনার কথা যদি সত্যি হতো তাহলে ১৫ বছরের মাথায় আপনাদের এভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ সমাজে ন্যায়বিচার ও ইনসাফ বলে কিছু না। দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে হবে। জামায়াত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’ ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণবিপ্লবে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে। অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এই বীর সংগ্রামীরা আমাদের আমানত। তাই যেকোনো সমস্যায় আমাদের সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।’ তিনি সাম্প্রতিক আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিজয়ীদের মোবারকবাদ জানান।