নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোরিয়া বাংলাদেশের এক অসাধারণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউন, হি সুং তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী কোরিয়ান সরকারের প্রতি তাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা বছরে প্রায় ৩০০ থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার থেকে ছয় বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শেখ হাসিনা চট্টগ্রামে কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপর রেল-কাম-রোড ব্রিজ নির্মাণ প্রকল্পে অর্থায়নের চুক্তিতে স্বাক্ষর করার জন্য ইউনকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, সেতুটি চট্টগ্রাম শহরের যানজট সমস্যার সমাধান করবে এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য মাতারবাড়ি (সোনাদিয়া) গভীর সমুদ্র বন্দরের জন্য একটি প্রশস্ত করিডোর তৈরি করবে।
কোরিয়া এক্সিম ব্যাংক চেয়ারম্যান ও সিইও ইউন, হি সুং সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ঢাকা সফর ফলপ্রসূ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের চলমান চমকপ্রদ উন্নয়ন যাত্রা দেখে তিনি তার সফরকে সবচেয়ে উত্তেজনাপূর্ণ বলে মনে করেন।
কোরিয়ান এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ও সিইও বাংলাদেশের ক্রমবর্ধমান জিডিপি, চলমান উন্নয়নের গতিপথ এবং আর্থসামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন, যা চলমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কোভিড-১৯ করোনাভাইরাস অতিমারি সত্ত্বেও ভালোভাবে বজায় রয়েছে।
কোরিয়ান প্রতিনিধি দল ইডিসিএফ (ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড) এবং ইডিপিএফের (ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফান্ড) অধীনে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিতে অর্থায়নের জন্য বাংলাদেশকে ছয় বিলিয়ন মার্কিন ডলার সহায়তায় সন্তোষ প্রকাশ করেছে। তারা বাংলাদেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা ও অর্থায়ন সম্প্রসারণেও তাদের আগ্রহ প্রকাশ করেন।
ইউন এই সহযোগিতার পারস্পরিক সুবিধাগুলো তুলে ধরেন। তার মতে, বাংলাদেশে মানবসম্পদ হিসাবে প্রচুর যুবক রয়েছেন, অন্যদিকে কোরিয়ায় ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার কারণে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতে জি-২০ সম্মেলনের ফাঁকে তার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি দুই দেশের জনগণের জন্য একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যত নিশ্চিত করতে কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তিৃত ও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার জানান, উভয় পক্ষের পারস্পরিক সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রত্যাশায় বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।