গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি। অন্যদিকে প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন হবে কি না এ নিয়েও রয়েছে শঙ্কায়। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। যার যার প্রতীক নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
গতকাল সোমবার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি গাজীপুরবাসীর উন্নয়নে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, কৃষকলী, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসির মার্কা নৌকা মার্কা। স্মাট বাংলাদেশ গড়তে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন তা গাজীপুর থেকে বাস্তবায়ন হবে। গাজীপুরের মানুষ আজ ঐক্যবদ্ধ। নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লা।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান (হাতপাখা) প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি মার্কায় ভোট চেয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানান। এ সময় শত শত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (হাতী মার্কা) নিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় বিপুলসংখ্যক কর্মীসমর্থক উপস্থিত থেকে হাতি মার্কায় ভোট চাইছেন। এ সময় তিনি বলেন, হাতি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু ভোট সুষ্ঠু হবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা।
গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রনি সরকার বলেন, আমি নির্বাচিত হলে জনগণের একজন সেবক হয়ে কাজ করবো শাসক হিসেবে নয়। গাজীপুরের মানুষের সেবা করাই আমরা একমাত্র উদ্দেশ্য। গাজীপুরের মানুষ যেন শান্তিপূর্ণভাবে এবং সুন্দর ভাবে জীবন-যাপন করতে পারে সেটাই আমার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে নিয়েই আমি গাজীপুর সিটির মেয়র হিসেবে নির্বাচন করছি।
তিনি বলেন, আমাকে হাতি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো। দলমত নির্বিশেষে গাজীপুরবাসীকে সাথে নিয়ে উন্নয়ন কাজ করবো। বিগত দুই মেয়াদে যারা দায়িত্ব পালন করেছেন তারা নাগরিকদের আশা-আকাঙ্খার প্রতিফলন পূরণ করতে পারেনি। আমাকে মেয়র নির্বাচিত করলে আমি নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করবো।
তিনি আরো বলেন, একজন মা যেমন একটি সংসারকে আগলে ধরে রাখতে চান, আমিও সেই মায়ের মতো গাজীপুরবাসীকে আগলে রাখবো। সেই মানসিকতা নিয়ে কাজ করবো। সাধারণ মানুষ যেন তাদের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। আমি চাই আমাদের তরুণ প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে গাজীপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
শাহনূর ইসলাম রনি বলেন, সিটি কর্পোরেশনের টঙ্গী শিল্পনগরীতে অনেকগুলো বস্তি রয়েছে। সেখানে অনেক গরিব, অসহায় মানুষ বসবাস করছে। আমি মেয়র নির্বাচিত হলে তারা যেন একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করবো। আমরা যেমন সুখে-শান্তিতে বসবাস করছি, তেমনি তারাও যেন সুখে শান্তি বসবাস করতে পারে। গার্মেন্ট শ্রমিকরা যেন তাদের কর্মস্থলে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পায় সেই ব্যবস্থা করবো। এছাড়াও ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজট গাজীপুরবাসীর জন্য একটি বড় সমস্যা। নির্বাচনে জয়ী হতে পারলে গাজীপুর সিটির নাগরিক এসব সমস্যার সমাধানে কাজ করবো। আমি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। হাতি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।