May 20, 2026, 11:14 am

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গাজীপুরে এনডিএফের প্রতিবাদ

Reporter Name
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর এনডিএফের উদ্যোগে শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর সংঘটিত হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর মহানগর এনডিএফের সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর এনডিএফ সভাপতি ডা. মো. আমজাদ হোসেন খান।
এসময় আরও বক্তব্য রাখেন ট্রেজারার ডা. হারুন অর রশিদ, অফিস সম্পাদক শামীম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ডা. আয়েশা সিদ্দিকা, ডা. তাওহিদা জামান, সাদেক খান, ডা. মিসকাতুল মাসাবী, ডা. জামাল উদ্দিন ও ডা. আজিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গতরাতে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে ডা. নাসির একজন সংকটাপন্ন হৃদরোগীসহ একাধিক জরুরি রোগীর চিকিৎসাসেবা দিচ্ছিলেন। অতিরিক্ত রোগীর চাপ, সীমিত জনবল ও প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।
বক্তারা জানান, সংশ্লিষ্ট রোগী কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা চালিয়েও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হাসপাতালে হামলা চালায় এবং কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরকে নির্মমভাবে মারধর করে। হামলাকারীরা হাসপাতালের দরজা-জানালা ভাঙচুর করে এবং আত্মরক্ষার্থে ওয়াশরুমে আশ্রয় নেওয়ার পরও তাকে সেখান থেকে টেনে বের করে গুরুতর আহত করে। এ ঘটনায় দায়িত্বরত আনসার সদস্যরাও আহত হয়েছেন বলে দাবি করেন বক্তারা।
এনডিএফ নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত রোগীদের সেবা দিয়ে থাকেন। কিন্তু চিকিৎসকদের ওপর হামলা, ভয়ভীতি ও অপমানজনক আচরণের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। তারা অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর