খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। সোমবার (১৫ মে) পর্যন্ত মেয়র পদে ৮ জন, ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার পর্যন্ত জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলামসহ তিনজন মেয়র প্রার্থী এবং ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।