বগুড়া প্রতিনিধি:: প্রকৃতি রক্ষায় সরকার বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চায় বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।’ আজ শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার সব সময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরো বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও সড়কের পাশে, খাল-বিলের তীরে, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।’ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।