নেত্রকোনা প্রতিনিধি :: নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক নিহত হন। দুর্ঘটনায় আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে চালকরা পলাতক রয়েছেন।