দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার তালতলী গ্রামের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দাউদকান্দি উপজেলার মামুন মিয়া (২১) ও জাহিদ হাসান (২৮), চান্দিনা উপজেলার ছায়াকোট এলাকার মো. রিয়াজ (২১), মো. ফয়সাল হোসেন (২৬), মো. অনিক (২০), মো. বাধন (২০) ও মো. ইমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে খবর আসে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী এলাকায় একদল অস্ত্রধারী ব্যক্তি গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাঁচি, দুটি লোহার রড, দুটি এসএস পাইপ ও একটি লোহার ছোরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্টিলের কিরিচটির দৈর্ঘ্য প্রায় ৩৮ ইঞ্চি, লোহার কাঁচি ২৪ ইঞ্চি, দুটি রডের প্রতিটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, এসএস পাইপ দুটি যথাক্রমে ৩১ ও ২৮ ইঞ্চি এবং লোহার ছোরাটি হাতলসহ ১২ ইঞ্চি দীর্ঘ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর শনিবার বিকেলে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’