মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। খবর পেয়ে স্থানীয় ছাত্রদল কর্মীরা ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গতকাল সোমবার দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছে- কামারপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে তানভীর মাহমুদ (২২), আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুম (২১), মোহাম্মদ রুবেল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল হোসেন (১৮) ও হিরু মিয়ার ছেলে জয় আহমেদ (২২)।
স্থানীয়রা জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠে দুপুরে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের খবর পেয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা মিছিলকারী ছাত্রলীগের চার কর্মীকে আটক করেন।
এদিকে মিছিল থেকে চারজনকে আটকের পর স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নুর, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হকসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ২০ মে তারেক রহমান টঙ্গীর গুটিয়ার ধরপাড়া এলাকায় আসবেন। এর আগে এই এলাকায় ছাত্রলীগ কী কারণে মিছিল করেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। তারেক রহমানকে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও ভিডিওতে কথা বলতে শোনা যায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা একাধিক প্রস্তুতিমূলক সভা করছে।