স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাবিনা খাতুন। এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাবিনা খাতুন (৩৫) জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বাসিন্দা। তিনি মাসকো গ্রুপের জিটু কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তবে এমন আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। কয়েক ঘণ্টা আগেও যিনি সহকর্মীদের সঙ্গে কাজ করেছেন, হাসিমুখে কথা বলেছেন হঠাৎ তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আকস্মিক শারীরিক অসুস্থতার ফল। টঙ্গী পূর্ব থানার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং তা নিজ জেলা জামালপুরে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সহকর্মীদের মনেও রেখে গেছে গভীর বেদনার ছাপ। কর্মস্থলে এমন আকস্মিক মৃত্যুর ঘটনা আবারও কর্মপরিবেশ, স্বাস্থ্যসুরক্ষা ও শ্রমিক কল্যাণ নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।