শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সব প্রস্তুতি গ্রহণের জন্য দুর্যোগপ্রবণ উপকূলবর্তী জেলাগুলোতে পুলিশের সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরে অপারেশনস কন্ট্রোল রুম সার্বক্ষণিক ঘূর্ণিঝড় মোখার গতি-প্রকৃতির খোঁজ-খবর রাখছে এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা পুলিশের পাশাপাশি বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে এপিবিএন, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশসহ সব ইউনিট নিয়োজিত রয়েছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি ও বিট পুলিশিংয়ের সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগপ্রবণ এলাকার সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। মোখা সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণের জন্য সদর দপ্তরের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯ নম্বর অথবা নিকটস্থ থানা বা পুলিশ ইউনিট অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবে। জনগণের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে আছে।