July 23, 2026, 4:22 pm

গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৫ শ্রমিক গ্রেপ্তার, কারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, May 15, 2023
  • 270 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ক্ষুব্দ হয়ে শিল্প পুলিশের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় ৫ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। আজ সোমবার অভিযান চালিয়ে শিল্প পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তিন মাস ধরে তাদের বেতন ও বোনাস দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে একটা ঈদ গেছে। শ্রমিকরা টাকার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে শনিবার তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে রোববারের মধ্যে সকল বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয় ও অবরোধ তুলে নেয়।কিন্তু রোববার নানা দেনদরবার করেও কারখানা কতৃর্পক্ষ শ্রমিকদের বকেয়া দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। এতে সন্ধ্যার পর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানায়। এ সময় ক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।

গাজীপুর পুলিশ সুপার (শিল্প পুলিশ) সারোয়ার আলম জানান, পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অপরাধে নিয়মিত মামলা করা হবে। এখন কারখানা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

স্থানীয়রা জানান, কারখানার প্রধান প্রবেশ পথে ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে কতৃর্পক্ষ। আশপাশের দেওয়ালে অন্তত ৭টি স্থানে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেসব নোটিশে বলা হয়, ‘ অনিবার্য কারণবশত ফ্যাক্টরির সকল কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ১৫ মে ২০২৩ সোমবার থেকে আগামী ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, রোববার সন্ধ্যায় গাড়ি পোড়ানোর ঘটনায় শিল্প পুলিশ পাঁচজনকে আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে কারখানা এলাকায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর