স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরে “ফেরাকে বাতেলার অপতৎপরতা রোধে আমাদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক ও স্থানীয় ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা সমাজে বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ ও ঈমান বিধ্বংসী অপতৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষভাবে হিজবুত তাওহীদ, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ (কাদিয়ানী) এবং বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এসব গোষ্ঠী সাধারণ মানুষের আকিদা-বিশ্বাসে বিভ্রান্তি সৃষ্টি করে সমাজে ফেতনা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গাজীপুরে হিজবুত তাওহীদসহ সকল ভ্রান্ত গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)-এর সভাপতিত্বে এবং মাওলানা হাবিবুর রহমান মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় বক্তব্য রাখেন গাজীপুরের শীর্ষ আলেমদের মধ্যে মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা সোলাইমান ও মাওলানা মিনহাজুর রহমান প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান।
সভায় উপস্থিত আলেমগণ ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে বিভ্রান্তি থেকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা সকল ঈমান বিধ্বংসী ও বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও সঠিক দ্বীনি শিক্ষার প্রসারে উলামায়ে কেরাম ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।