শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকাসক্তকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২২০ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুড়িয়া হেরোইন (প্রায় ১দশমিক ৬ কেজি), নগদ ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা এবং ২৮০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়েছে।
এছাড়া উদ্ধার করা হয়েছে ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, ১০টি স্টিলের পাইপ, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর এবং স্বর্ণ সদৃশ অলংকার, যার মধ্যে রয়েছে তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। অভিযানে আরও অংশ নেন সহকারী পুলিশ কমিশনার (গাছা-টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোয়েন্দা পুলিশের সদস্য, এপিবিএন গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।