November 25, 2026, 8:37 pm

শ্রমিক আন্দোলনে বেচাকেনায় ভাটা, বিপাকে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা

Reporter Name
  • আপডেট Wednesday, November 25, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের টানা আন্দোলনে চরম বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড আর টিয়ারসেলের আতঙ্কে দোকান খুলতে পারছেন না তারা। এতে বেচাবিক্রি তলানিতে গিয়ে ঠেকেছে। সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি ও ব্যবসায়ীরা। সপ্তাহখানেক ধরে গাজীপুর শিল্পাঞ্চল ঘুরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, খাবার হোটেল, ভ্রাম্যমাণ দোকানিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সড়কের পাশে ছোট্ট দোকানে পান-সিগারেট বিক্রি করেন মঞ্জুরুল ইসলাম। তার ভাষ্য, ‘এ এলাকার আশপাশে কয়েকটি শিল্পকারখানায় হাজার হাজার শ্রমিক চাকরি করেন। তবে কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিক-পুলিশের সংঘর্ষ হচ্ছে। এতে দিনের বেলায় দোকান খুলতে পারি না। সন্ধ্যার পর কিছু সময়ের জন্য দোকান খুললেও কাঙ্ক্ষিত ক্রেতা পাই না। এতে বেচাবিক্রি বন্ধ হয়ে গেছে।’
সদর উপজেলার বাঘের বাজার এলাকা মহাসড়কের পাশে ভ্যানগাড়ির ওপর কাপড় বিক্রি করেন হান্নান মিয়া। তার ভাষ্য, ‘কয়েকদিন শ্রমিকরা আন্দোলন করেছে বাঘের বাজারে। তারা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করত। পুলিশ তাদের সরিয়ে দিতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়েছে। যখন-তখন বিক্ষোভ হতো। তাই আমরা আতঙ্কে দোকান খুলতে পারেনি। বিকেলের দিকে দোকান খুললেও বেচাবিক্রি খুব হচ্ছে না। আতঙ্কে ক্রেতারা বাসা থেকে বের হচ্ছে না।’
ভবানীপুর এলাকায় ভ্যানগাড়িতে শীতবস্ত্র ও শিশুদের পোশাক বিক্রি করেন রমজান মিয়া। প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধের শর্তে স্থানীয় একটি এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। তবে টানা শ্রমিক আন্দোলনে তিনি পড়েছেন বিপাকে। প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে গত সপ্তাহের কিস্তি পরিশোধ করেছেন। এখন চলতি কিস্তি কীভাবে পরিশোধ করবেন, তা ভেবে কোনো কূলকিনারা পাচ্ছেন না এই ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পাঞ্চল এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ীসহ সব ব্যবসা-বাণিজ্যে বিক্রিতে ভাটা পড়েছে। সদর উপজেলার শিশিরচালা এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে সড়ক-মহাসড়কে মানুষের চলাচল কমে গেছে। আতঙ্কে অনেকে বের হচ্ছেন না। ব্যবসা চলবে কীভাবে?’
আনসার রোড এলাকায় একটি মুদিদোকান চালান মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমরা সবসময়ই আতঙ্কে। আন্দোলনের সময় শ্রমিকদের লক্ষ্য থাকে মহাসড়ক দখল। কখন ঢিল ছোড়ে, কী হয়?—এসব নিয়ে আমরা আতঙ্কে থাকি।’
শ্রীপুর সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘শ্রমিকদের আন্দোলনে রপ্তানিমুখী পণ্য উৎপাদনে যেমন বড় ক্ষতি হয়েছে, তেমনি ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী যারা আছেন তাদেরও অনেক ক্ষতি হয়েছে। জাতীয় পর্যায়ের ক্ষতি পুষিয়ে নেওয়া যেমন কষ্টকর, তেমনি স্বল্প আয়ের মানুষের ক্ষতি পুষিয়ে নেওয়া আরও বেশি কষ্টের।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর