November 25, 2026, 6:33 pm

গাজীপুরে শিল্পাঞ্চলের অস্থিরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Wednesday, November 25, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর মহানগরের বোর্ডবাজার ও শ্রীপুরে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু এবং গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফারুক হোসেন খানের যৌথ নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বোর্ডবাজার থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউটিসি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো পক্ষ যাতে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, শ্রীপুর উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় মিছিলটি শ্রীপুর-মাওনা সড়কের টেংরা সড়কের মোড় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কার্যালয় হয়ে রেলগেট এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে আক্তারুল আলম মাস্টার অভিযোগ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করছে। গাজীপুরের শিল্পাঞ্চলেও শান্তিপূর্ণ শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্স লিমিটেড ও ইসরাক স্পিনিং মিলস এবং বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস ফ্যাশন লিমিটেড ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ফরুদ্দিন গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ছাড়া সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস লিমিটেড, কেওয়া নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস এবং গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানায় হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।
এসব হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আক্তারুল আলম মাস্টার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অরাজকতা প্রতিহত করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর