নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীতে পেশাগত দায়িত্ব পালন করার সময় দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মারুফ হোসেনকে (৩০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর ১ নম্বর ব্লকসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তিনি হামলার শিকার হন।
স্থানীয়রা জানান, পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় যান সাংবাদিক মারুফ হোসেন। এ সময় সোহান (৩০), সেলিম (৫৫) ও হাসান (২৫) নামে তিন ব্যক্তি এবং তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মারুফ হোসনের ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থান এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মারুফ হোসেনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, সাংবাদিককে কুপিয়ে জখম করার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।