স্টাফ রিপোর্টার, গাজীপুর:: জুলাই হত্যাকাণ্ড মামলার বিচারের অগ্রগতি এবং আওয়ামী লীগ শাসনামলে গাজীপুরের দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী পশ্চিম থানার এশিয়া পাম্প ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এসে কর্মসূচির সমাপ্তি হয়। আয়োজকদের দাবি, আওয়ামী লীগ শাসনামলে গাজীপুরে সংঘটিত বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী নাছের খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাসহ আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন।
কর্মসূচি থেকে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের নেতৃত্বদানকারীদের গ্রেপ্তার ও বিচার, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অবৈধ ভূমি দখলকারীদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা সরকারের নেতৃত্বে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। মানববন্ধন চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।